empty
 
 
17.11.2026 11:20 AM
চীনকে এআই চিপ থেকে বিচ্ছিন্ন করল যুক্তরাষ্ট্র; এনভিডিয়ার আয়ের প্রতিবেদন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে

আজ এশিয়ার স্টক মার্কেটগুলো নতুন করে চাপের সম্মুখীন হওয়ায় বিশ্বজুড়ে স্টক মার্কেটে দরপতনের মাত্রা আরও তীব্র হয়েছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচক প্রায় 1.5% হ্রাস পেয়েছে; এর মধ্যে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার স্টক মার্কেটে সবচেয়ে বেশি দরপতন পরিলক্ষিত হয়েছে। S&P 500 ফিউচার সূচকে তেমন কোনো পরিবর্তন না এলেও নাসডাক 100 ফিউচার সূচক প্রায় 0.3% বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল এই সূচকগুলো যথাক্রমে 1.9% এবং 2.7% দরপতনের শিকার হয়েছিল, যার ফলে টানা তৃতীয় দিনের মতো সূচকগুলো পতনের সম্মুখীন হয়েছে।

This image is no longer relevant

মূলত চীনে উন্নতমানের এআই চিপ ও সার্ভারের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে ওয়াশিংটনের নেওয়া সিদ্ধান্তের ফলে এইরূপ পরিস্থিতির সূত্রপাত হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগের অন্তর্বর্তীকালীন নিয়ম অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের ডেটা সেন্টার পরিচালনাকারীদের এখন এনভিডিয়া ও অন্যান্য মার্কিন সরবরাহকারীর কাছ থেকে এই চিপগুলো পাওয়ার জন্য মার্কিন রপ্তানি লাইসেন্সের প্রয়োজন হবে। ট্রেডাররা এই পদক্ষেপকে "উল্লেখযোগ্যভাবে উত্তেজনা বৃদ্ধি" হিসেবে বিবেচনা করছে। বিষয়টি এমন এক সময়ে ঘটল, যখন বিনিয়োগকারীরা ইতোমধ্যেই এআই খাতভিত্তিক শেয়ারের অত্যধিক মূল্যায়ন এবং বিশাল মূলধনী ব্যয়ের (capex) বিপরীতে অনিশ্চিত মুনাফা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। চীনের এআই ডেভেলপার ও ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর স্টকের দর ব্যাপকভাবে কমে গেছে এবং সিএসআই 300 সূচকটি জুলাই ২০২৫-এর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তাইওয়ান ও কোরিয়ার ক্ষেত্রে ঝুঁকির ধরন ভিন্ন হলেও তা বিদ্যমান রয়েছে: চীনা ডেভেলপাররা যদি বিদেশের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ হারায়, তবে নতুন ডেটা সেন্টারের চাহিদা কমে যাবে; আর এর ফলে প্রসেসর, মেমোরি ও অন্যান্য সরঞ্জামের অর্ডারের পরিমাণও হ্রাস পাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটি এখনো বাকি রয়েছে: আজ এনভিডিয়ার আয়ের প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদন থেকে চিপের চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং জেনসেন হুয়াং-এর বিদায়ের প্রাথমিক প্রভাবগুলো স্পষ্ট হবে। এপ্রিল ২০২৫-এর পর সবচেয়ে খারাপ সপ্তাহ পার করার পর, গতকাল এনভিডিয়ার শেয়ারের দর 4.1% কমেছে। এর মধ্যেই ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কোম্পানিটির নেতৃত্বে "আমূল" পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, পুরো খাতটিই বেশ কিছুদিন ধরে চাপের মুখে রয়েছে: ৩ নভেম্বর মার্কিন সেমিকন্ডাক্টর উৎপাদক সূচক তিন দিনে 12% পতনের শিকার হয়; ৬ নভেম্বর স্যামসাং ও এসকে হাইনিক্সের স্টকের দর 6–7%-এর বেশি কমে যায়; আর ১৩ নভেম্বর এনভিডিয়ার বোর্ড জেনসেন হুয়াংকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এখন এই পরিস্থিতির সাথে উন্নতমানের এআই চিপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রপ্তানি সীমাবদ্ধতা যুক্ত হয়েছে।

অ্যানথ্রোপিকের আইপিও অন্তর্ভুক্তি পুরো এআই খাতের জন্য বড় একটি পরীক্ষা হতে যাচ্ছে। এই শেয়ারের চাহিদা বর্তমানে উপলব্ধ সরবরাহের প্রায় সাত গুণ। ব্যাংকাররা বুধবার এর মূল্য নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে এবং বৃহস্পতিবার থেকে ট্রেডিং শুরু হওয়ার কথা রয়েছে; এটি ইতিহাসের বৃহত্তম আইপিও হতে যাচ্ছে। উল্লেখ্য, ১০ নভেম্বর সংশোধিত নথিপত্র জমা দেওয়ার অপেক্ষায় এই আইপিও-র মূল্যসীমা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল; তবে বর্তমানে এর চাহিদা বেশ জোরালো বলেই মনে হচ্ছে।

সুদের হারের কারণেও স্টক মার্কেটে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, ডিসেম্বরে সুদের হার আরও বাড়তে পারে। বেথ হ্যাম্যাক মন্থরভাবে ছোট ছোট পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন, অন্যদিকে ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছেন, মূল্যস্ফীতি বেড়ে গেলে সুদের হার 50 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হতে পারে। ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার 5.13-এর কাছাকাছি অবস্থান করছে (গতকাল এটি 5.14% ছিল এবং ১০ নভেম্বর ছিল 4.98%), আর মার্কিন ডলার সূচকে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। জ্বালানি তেলের আরও দরপতন ঘটেছে—ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি $92-এর নিচে অবস্থান করছে, যেখানে গতকাল এটির মূল্য প্রায় $96.50 ছিল এবং ৩০ অক্টোবর প্রায় $116 ছিল।

উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে, এনভিডিয়ার প্রতিবেদন প্রকাশ এবং অ্যানথ্রোপিকের আইপিও তালিকাভুক্তির আগ পর্যন্ত স্টক মার্কেটে অস্থিরতা বজায় থাকবে। তাইওয়ান, কোরিয়া এবং চিপ খাতের ওপর চাপ অব্যাহত থাকতে পারে বলে আমার ধারণা; এনভিডিয়ার আয়ের প্রতিবেদন পূর্বাভাসের তুলনায় দুর্বল হলে কিংবা কোম্পানিটি সতর্কতামূলক পূর্বাভাস দিলে এই দরপতন আরও দীর্ঘায়িত হতে পারে। মার্কিন বন্ডের ইয়েল্ড 5.1%-এর কাছাকাছি থাকায় প্রযুক্তি খাতের দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। বৃহস্পতিবারের পর যদি অ্যানথ্রোপিকের শেয়ারের চাহিদা নিশ্চিত হয় এবং এনভিডিয়ার আয়ের প্রতিবেদন এআই খাত সংক্রান্ত চাহিদার বিষয়ে বিদ্যমান উদ্বেগগুলো দূর করতে পারে, তবেই স্টক মার্কেটে টেকসইভাবে ইতিবাচক প্রবণতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

This image is no longer relevant

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের বায়ারদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,404-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এতে আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং $7,427-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $7,451-এর উপর ধরে রাখাও বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,381-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,355-এ নেমে যেতে পারে এবং $7,328 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.